মূল সংবাদে যান
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

খুলনায় নদীর চর থেকে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
খুলনায় নদীর চর থেকে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ। এবার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে পাওয়া গেছে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ।

সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা দুজনই খুলনার অপরাধজগতের আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়ে তোলা ‘বি-কোম্পানি’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

এ নিয়ে গত ১২ দিনে খুলনা মহানগর ও জেলায় সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।

আহতদের মধ্যে যুবদলের বর্তমান ও সাবেক তিন নেতা রয়েছেন। ধারাবাহিক এসব হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনায় নগরী ও জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আঠারোবেকি নদীর চরে প্রথমে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। একসময় তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মেহেদী ও রেজাউল দুজনই ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, মেহেদী ও রেজাউলকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

এ ছাড়া মেহেদীর চোখের ওপর ভ্রুর পাশে গুলির চিহ্ন রয়েছে। রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মেহেদীর মরদেহ নদীর চরে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তার বাবা আব্দুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, মেহেদী আলাদা থাকতেন। ছেলের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো বিষয়গুলো প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।