নির্মাণাধীন ভবনের উপরে রড তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ রডের বান্ডেল ভবনের বাইরে থাকা একটি এসির লাইনের সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়।
সোমবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা ইসলামী মার্কেটের সামনে সামাদ প্লাজার নির্মাণ কাজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাব্বির (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার সামাদ প্লাজার নির্মাণ কাজে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের উপরের অংশে রড টেনে তোলার কাজ চলছিল। এক পর্যায়ে রডের বান্ডেল এসির লাইনের সংস্পর্শে আসে। এতে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুর্শেদ বাসস’কে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজের সময় ব্যবহৃত লোহার রড ভবনের বাইরে থাকা এসির বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিন বলেন, নির্মাণ কাজ শুরুর আগে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও আশপাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করা দরকার ছিল। সামান্য অসতর্কতায় একই সঙ্গে দুই শ্রমিকের প্রাণ গেল।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বাসস’কে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।