মূল সংবাদে যান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মুগ ডাল দিয়ে ব্যতিক্রমী প্রতিমা নির্মাণ, দর্শনার্থীদের ভিড়

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মুগ ডাল দিয়ে ব্যতিক্রমী প্রতিমা নির্মাণ, দর্শনার্থীদের ভিড়

শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা কাছারিপাড়া সার্বজনীন কালী ও দুর্গামন্দিরে। প্রচলিত মাটি বা অন্য উপাদানের পরিবর্তে এখানে প্রায় ৪৫ কেজি মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গা ও তাঁর পরিবারবর্গের প্রতিমা।

জানা গেছে, এই ব্যতিক্রমী প্রতিমা তৈরিতে ৮ থেকে ৯ জন শিল্পীর সময় লেগেছে প্রায় দুই মাস। নিখুঁত শিল্পকর্মের মাধ্যমে মুগ ডাল দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গা ও তাঁর পরিবারের সদস্যদের অবয়ব। আর প্রতিমাটি দেখতে পূজা শুরুর আগেই মন্দিরে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্তের দর্শনার্থীরা।

চলতি বছর এই মন্দিরটিতে উদযাপিত হচ্ছে ১০৬তম শারদীয় দুর্গোৎসব। প্রতিমার পাশাপাশি আকর্ষণীয় প্যান্ডেল ও মনোমুগ্ধকর আলোকসজ্জার কাজও চলছে জোরেশোরে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ জানান, "ভারত থেকে এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে এসে আমরা নিজেরাও আমাদের মন্দিরে এটি করার সিদ্ধান্ত নিই। এ বছর মুগ ডালের প্রতিমা তৈরি করায় পূজার আয়োজনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আশা করছি, পূজার দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমবে।"

মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ দেবনাথ বলেন, "প্রতিবছরই আমরা জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন করি। তবে এবার নতুনত্ব আনতে এবং পরিবেশবান্ধব উপায়ে এই আয়োজন করতে মুগ ডাল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। চমৎকার এই আয়োজন দেখতে আমরা সবাইকে আমাদের মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি।"

পূজা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ডাল দিয়ে তৈরি এই শিল্পকর্মটি ইতিমধ্যেই চারদিকে দারুণ প্রশংস কুড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা স্মৃতি দেবনাথ বলেন, "প্রতিমাটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। যারা আসছেন, সবাই আনন্দ পাচ্ছেন এবং এর ভূয়সী প্রশংসা করছেন। প্যান্ডেলের কাজ পুরোপুরি শেষ হলে আয়োজনটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।"

পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী এই দুর্গোৎসব দেখতে আপনিও সপরিবারে ঘুরে যেতে পারেন সাতক্ষীরার বুধহাটা কাছারিপাড়া সার্বজনীন কালী ও দুর্গামন্দির থেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আওয়ামী লীগ দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।