মূল সংবাদে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মৃত্যুর পরও নেকির পাল্লা ভারী করবে যে ৩ কাজ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মৃত্যুর পরও নেকির পাল্লা ভারী করবে যে ৩ কাজ
প্রতীকী ছবি

মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি আমলের সুযোগ শেষ হয়ে যায়। তবে ইসলামে এমন তিনটি আমলের কথা বলা হয়েছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও ব্যক্তির আমলনামায় যুক্ত হতে থাকে। এগুলো হলো সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে।

পবিত্র হাদিসে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকার আমল ছাড়া—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান, যা দ্বারা অন্যরা উপকৃত হয় এবং এমন নেক সন্তান, যে তার (মৃত মা-বাবার) জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)

হাদিসের আলোকে মৃত্যুর পরও যে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে, সেগুলো হলো—

১. সদকায়ে জারিয়া

সদকায়ে জারিয়া বলতে এমন দানকে বোঝায়, যার উপকারিতা দীর্ঘদিন ধরে মানুষের কাজে আসে। অর্থাৎ দানকারী মারা যাওয়ার পরও যত দিন সেই দানের সুফল ভোগ করবে মানুষ, তত দিন তিনি সওয়াব পেতে থাকবেন।

এ ধরনের দানের প্রধান উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যক্তিগত প্রচার বা লোক দেখানোর জন্য নয়, বরং মানুষের কল্যাণে কিছু রেখে যাওয়াই সদকায়ে জারিয়ার মূল ভাবনা।

সদকায়ে জারিয়ার কয়েকটি উদাহরণ হলো—

মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে সহায়তা করা।

মানুষের পানির কষ্ট দূর করতে নলকূপ স্থাপন বা কূপ খনন করা।

গাছ লাগানো, যাতে মানুষ ও পশুপাখি উপকৃত হয়।

কোরআন ও উপকারী ইসলামি বই বিতরণ করা।

মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ করা।

অসহায় মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল বা চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা করা।

কবরস্থানের জন্য জমি দান করা।

মানুষের উপকারে আসে এমন স্থায়ী কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা।

২. উপকারী জ্ঞান রেখে যাওয়া

মৃত্যুর পরও সওয়াব পাওয়ার দ্বিতীয় মাধ্যম হলো এমন জ্ঞান রেখে যাওয়া, যা থেকে অন্য মানুষ উপকৃত হয়। কেউ যদি মানুষকে কোরআন-হাদিসের শিক্ষা দেন, ভালো কাজের পথ দেখান কিংবা উপকারী কোনো বই, গবেষণা বা শিক্ষামূলক উপকরণ রেখে যান, তাহলে সেসব থেকে মানুষ যত দিন উপকৃত হবে, তত দিন তাঁর জন্য সওয়াবের সুযোগ থাকবে।

যেমন—কোনো শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান দান করলেন, কোনো লেখক মানুষের কল্যাণে উপকারী বই লিখলেন কিংবা কেউ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিলেন। তাঁদের রেখে যাওয়া জ্ঞান অন্যদের কাজে লাগলে মৃত্যুর পরও তাঁরা এর প্রতিদান পাওয়ার আশা করতে পারেন।

এ কারণে শুধু নিজের জ্ঞান অর্জন নয়, তা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়াও একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

৩. নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে

মা-বাবার জন্য নেক সন্তান দুনিয়া ও আখিরাতের অন্যতম বড় সম্পদ। সন্তানকে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও ভালো কাজের চর্চায় গড়ে তুললে সে বড় হয়ে মা-বাবার জন্য কল্যাণের কারণ হতে পারে।

সন্তান যখন মৃত মা-বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাঁদের মাগফিরাত ও রহমত কামনা করে, তখন সেই দোয়া তাঁদের উপকারে আসে।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হলে সে বিস্মিত হয়ে এর কারণ জানতে চায়। তখন তাকে জানানো হয়, তার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৬৬০)

তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা মা-বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে প্রত্যেক সন্তানের উচিত জীবিত ও মৃত মা-বাবার জন্য দোয়া করা।

ইসলামের এই শিক্ষা থেকে বোঝা যায়, মানুষের জীবন শেষ হলেও তার কিছু ভালো কাজের প্রভাব থেকে যায়। তাই জীবদ্দশায় সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং নেক সন্তান গড়ে তোলার মতো কল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ট্রাম্পের চীন সফরের আগে বৈঠকে শি ও পুতিন

পরের সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।