মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার একই শহরে ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।
বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। ট্রাম্পের আগমনের এক দিন আগে শি ও পুতিনের বৈঠককে পশ্চিমা প্রভাব মোকাবিলায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের এক সম্মেলনে বক্তব্য দেন পুতিন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ‘বড় সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। তাকে স্বাগত জানাতে সেখানে চীনা নাগরিকদের একটি দল রাশিয়ার পতাকা ওড়ান।
পুতিনের চীন সফরের পাশাপাশি ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবরও সামনে এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এমন যুদ্ধবিমানের ভিয়েতনামে অবতরণের তথ্য পাওয়া গেল।
ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। দেশটির সামরিক সরঞ্জামের বড় অংশই রাশিয়া সরবরাহ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে ভিয়েতনাম।
বিশ্লেষকদের মতে, চীনে পুতিনের সফরের সঙ্গে একই সময়ে ভিয়েতনামে রুশ পারমাণবিক বোমারু বিমান পাঠানোর ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে আসন্ন আলোচনার আগে মস্কোর সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উপস্থিতির বার্তা বহন করছে।
এদিকে ট্রাম্পের সফরকে ঘিরে শেনজেনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিশিল্পের জন্য পরিচিত শহরটির রাস্তাঘাট সাজানো হয়েছে নানা রঙের ব্যানারে। এপেক সম্মেলন উপলক্ষে শহরে নিরাপত্তা ও আয়োজন জোরদার করা হয়েছে।