যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে ৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৫৪ লাখ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল আদালত।
ডেলিভারি ভ্যানচালকের অসতর্কতায় দুর্ঘটনার শিকার হওয়া ওই নারীর পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
মিসৌরি কোর্ট অব আপিলসের ১০ নভেম্বরের রায়ে অ্যামি বোলান্ডিসের ক্ষতিপূরণের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ভ্যানচালক থমাস বেটম্যান ও তার নিয়োগকারী প্রতিষ্ঠান ইউনিফার্স্ট করপোরেশন।
আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সেন্ট লুইসের হল স্ট্রিট দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বোলান্ডিস। এ সময় একটি পার্কিং এলাকা থেকে সড়কে উঠছিলেন বেটম্যান। একটি বড় ট্রাক তার দৃষ্টিপথ আটকে রেখেছিল।
ট্রাকচালক এগিয়ে যাওয়ার সংকেত দিলে কোনো দিকে না তাকিয়েই সড়কে উঠে পড়েন বেটম্যান। তখন বোলান্ডিসের গাড়ির সঙ্গে তার ভ্যানের সংঘর্ষ হয়।
এতে বোলান্ডিসের গোড়ালি ভেঙে যায় এবং হাড়ের সংযোগস্থল সরে যায়। দুর্ঘটনার নয় দিন পর অস্ত্রোপচার করা হয় তার। চিকিৎসকরা আঘাতটিকে উচ্চগতির সংঘর্ষজনিত গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেন।
মামলার শুনানি শেষে জুরি বোর্ড বোলান্ডিসকে ৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
তবে বেটম্যান ও ইউনিফার্স্ট করপোরেশনের দাবি ছিল, দুর্ঘটনার সময় বোলান্ডিসও অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হল স্ট্রিটে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৫ মাইল। বোলান্ডিসের দাবি, তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ৪০ মাইল।
আপিল আদালত জানায়, বোলান্ডিসের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে—এমন পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি বিবাদীপক্ষ। ফলে ৮ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বহাল রাখা হয়।