মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক
ছবিঃ সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। মিডল ইস্ট আই জানিয়েছে, এবার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিষয়ে এগোতে চায় আঙ্কারা।

গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে বিলটির পক্ষে ভোট দেন ২৭৯ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দেন ১১৯ জন। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) পাশাপাশি বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্যরাও বিলটির পক্ষে সমর্থন জানান।

গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গত মাসে অনুমোদনের জন্য এটি তুরস্কের পার্লামেন্টে পাঠানো হয়। চুক্তির মূল শর্ত অনুযায়ী, অংশীদার কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তিতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে এতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার ওপর সশস্ত্র হামলা হলে অন্য দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সহায়তা করবে।

১৬টি অনুচ্ছেদে গঠিত চুক্তিটির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে কার্যকর হওয়ার ১০ বছর পার হওয়ার আগে কোনো দেশ এটি থেকে বের হতে পারবে না। এরপর চুক্তি ছাড়তে চাইলে অন্তত তিন মাস আগে অন্য অংশীদারদের লিখিতভাবে জানাতে হবে।

চুক্তি অনুমোদনের পর তুরস্কের পরবর্তী লক্ষ্য সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে পার্লামেন্টের অনুমোদন নেওয়া। ইয়েমেনের হুথি সেনাদের হামলার মুখে সৌদি আরবকে সহায়তা দিতে দেশটিতে তুর্কি সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্মকর্তারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবে সেনা মোতায়েন করা হলে তা হবে প্রতিরক্ষামূলক। তুর্কি বাহিনী ইয়েমেনে কোনো সামরিক অভিযান চালাবে না।

এদিকে সেনা মোতায়েনের আগে তিন দেশের মধ্যে ‘স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ (সোফা) নামে পৃথক একটি চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। এতে বিদেশি সেনাদের আইনি অবস্থান, বিচারিক এখতিয়ার, প্রবেশ ও প্রস্থান, শুল্ক ও করসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের কত টাকা খরচ হবে, জানাল সরকার

পরের সংবাদ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ২ মাদ্রাসাছাত্র নিহত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।