আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এ পর্যন্ত ১১ হাজার ৪২ জন আক্রান্ত এবং ৫ হাজার ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের প্রায় অর্ধেকের মৃত্যু হওয়ায় এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত সরকারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কঙ্গোতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার গতির দিক থেকে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের পরিস্থিতি।
জরুরি মোকাবিলা কার্যক্রম শুরুর মাত্র ৪০ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। অথচ ২০১৮ সালের প্রাদুর্ভাবে একই সংখ্যায় পৌঁছাতে সময় লেগেছিল প্রায় ২৩৫ দিন।
গত মে মাসে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষণা করা হলেও সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। সশস্ত্র সংঘাত, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগের অবকাঠামোগত সংকট এবং সাধারণ মানুষের অবিশ্বাস পরিস্থিতি মোকাবিলাকে কঠিন করে তুলেছে।
স্বাস্থ্য কর্মীদের বেতন বকেয়া থাকা ও বিভিন্ন স্থানে কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র অচল হয়ে পড়েছে। পরিবহনপথ, নদীবন্দর, পৌরসীমা ও বিমানবন্দরের একাধিক তল্লাশি চৌকিতেও কার্যক্রম বন্ধ রয়েছে।
সংক্রমণের প্রধান কেন্দ্র ইতুরি ও উত্তর কিভু প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে অবিশ্বাস ও ভুল তথ্য ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য পরীক্ষা করাতে অনীহা, নিরাপদ দাফনে বাধা এবং হাসপাতালে রোগীর উপস্থিতি কমে যাচ্ছে। কোথাও কোথাও চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। তবে কয়েকটি টিকার পরীক্ষা চলছে।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুটি সম্ভাব্য টিকার পরীক্ষায় সমর্থন দিয়েছে। এর একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি, অন্যটি মডার্নার।
ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, টিকা গুরুত্বপূর্ণ হলেও আক্রান্তদের দ্রুত চিকিৎসা, রোগীকে বিচ্ছিন্ন রাখা, সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত, নিরাপদ দাফন এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই।
১৯৭৬ সালে ইবোলা শনাক্ত হওয়ার পর সবচেয়ে বড় প্রাদুর্ভাব হয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায়। তখন প্রায় ২৮ হাজার মানুষ আক্রান্ত এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।