কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বড় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন পিতা। সন্ধ্যায় ছেলের মৃত্যুর পর একই দিন রাতে মারা যায় পিতা। বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় গোরস্তানে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মারা যাওয়া দুজন হলেন- চৌড়হাস ফুলতলা এলাকার আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)।
স্থানীয়রা জানান, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী। তাঁর চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে বিয়ে করেন তিনি। বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন মাহফুজুর।
বাবার অসুস্থতা ও পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়েছে। বাবার অসুস্থতার খবর শোনার পরপরই তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন।
পরে সহকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমান বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়ে থাকতে পারে।
এ দিকে ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর জানার পর অসুস্থ বাবা আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বিছানায় তাঁর মৃত্যু হয়।
বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়।