জামালপুর সদর উপজেলার একটি মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর চেয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় দ্বিগুণ। হাজিরা খাতায় শিক্ষার্থী ২৩৬ জন দেখানো হলেও সরেজমিনে পাওয়া গেছে মাত্র ১১ জন। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৯ জন।
তাদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে সরকারি কোষাগার থেকে ব্যয় হচ্ছে প্রায় চার লাখ টাকা। শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে এমন অসংগতি এবং নিয়মিত হাজিরা দেখানোর অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
‘সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসা’ নামের প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে এটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে শিক্ষার্থী কমতে থাকলেও কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের দাবি, হাজিরা খাতায় নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখানো হলেও বাস্তবে প্রতিদিন পাঁচ থেকে ১০ জনের বেশি শিক্ষার্থীকে পাওয়া যায় না। অফিসের পিয়ন-কর্মচারীদের দিয়ে হাজিরা খাতায় উপস্থিতি দেখানোরও অভিযোগ রয়েছে।
সম্প্রতি সরেজমিন মাদ্রাসাটিতে গিয়ে দেখা যায়, হাজিরা খাতায় ২৩৬ শিক্ষার্থীর নাম থাকলেও উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষক-কর্মচারীদের দাবি এবং হাজিরা খাতার তথ্যের সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, নিয়মিত পাঠদান না হওয়ায় অভিভাবকেরা তাদের মেয়েদের এই প্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহ হারিয়েছেন। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা।
এ বছর মাদ্রাসাটি থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় মাত্র ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে একজন। স্থানীয়দের দাবি, প্রতিবছরই চার থেকে ১০ শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষক রয়েছেন ১৩ জন। গত মাসে সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক খুরশেদ আলী আকন্দ অবসরে গেছেন। এ ছাড়া কর্মচারী রয়েছেন পাঁচজন।
তাদের মধ্যে একজন অফিস সহকারী, একজন আয়া, একজন নিরাপত্তাকর্মী, একজন নৈশপ্রহরী ও একজন পরিচ্ছন্নতাকর্মী।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হলেও শিক্ষার্থীদের পাঠদানে তার প্রতিফলন নেই। কয়েক মাস আগে তিন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগে ৩০ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, নিয়োগ কমিটির সদস্যরা ওই টাকা ভাগাভাগি করে নিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে সরকারি কোষাগার থেকে প্রায় চার লাখ টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে। অথচ শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতির চিত্র নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
স্থানীয় আব্দুর রশিদ বলেন, ‘এই মাদ্রাসায় ছাত্রী নেই বললেই চলে। শিক্ষক-কর্মচারীরা আরামে বসে বেতন-ভাতা নেন। বিষয়টি প্রশাসনের দেখা উচিত। প্রতি মাসে সরকারের লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে।’
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মাদ্রাসায় প্রতিদিন ১০-১২ শিক্ষার্থী আসে। দুপুরের মধ্যে দু-চারটি ক্লাস নিয়ে ছুটি দেওয়া হয়। এভাবে প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থী আছে। আজ আসেনি।’ এ বছর দাখিল পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী পাস করার বিষয়টি তিনি স্বীকার করেন।
তবে কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য না দিয়ে সাবেক সভাপতি রিপনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, ‘প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’