দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। অপরাধ ও সহিংসতায় বিপর্যস্ত দেশটিতে ধারাবাহিকভাবে উচ্চ হত্যার হার নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে প্রাণঘাতী এসব হামলার ঘটনা ঘটল।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতিতে সোমবার ভোরে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, একটি ছোট কুঁড়েঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।
অন্য ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটার মারিটজবার্গের উপকণ্ঠের একটি আধা-গ্রামীণ এলাকায়।
রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, গাড়ির ভেতরে থাকা আটজনই পুরুষ। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
নিহত আটজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।
নিউজরুম আফ্রিকা সম্প্রচার মাধ্যমকে তিনি বলেন, এ ধরনের গুলির ঘটনা দক্ষিণ আফ্রিকায় আগেও ঘটেছে। অতীতে এসব হামলার পেছনে গবাদিপশু চুরি, মাদক ব্যবসা এবং মিনিবাস ট্যাক্সি পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণ পাওয়া গেছে।