মূল সংবাদে যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের মৃত্যুকে অস্বাভাবিক বলে পুলিশের মামলা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নানা পাটেকরের মৃত্যুকে অস্বাভাবিক বলে পুলিশের মামলা

প্রখ্যাত ভারতীয় অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবরের মাঝেই উঠে এলো নতুন তথ্য।

অভিনেতার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় একটি অপমৃত্যু বা ‘আনন্যাচারাল ডেথ’ মামলা দায়ের করেছে গোয়ার পনাজি পুলিশ।

তবে চিকিৎসকদের প্রাথমিক দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৭৫ বছর বয়সী অভিনেতার। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধও খেতেন বলে জানা গিয়েছে।

তবে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করল পুলিশ?

পুলিশ সূত্রে খবর, ৮ অক্টোবর সকালে পানাজি থানায় অভিনেতার মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, গোয়ার ডোনা পাউলায় ওসান পার্ক এলাকার বাড়ি থেকে নানা পাটেকরকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এর পরেই বিএনএসএসের ১৯৪ নম্বর ধারায় ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা বা ‘আনন্যাচারাল ডেথ’ (UD) নথিভুক্ত করে পুলিশ।

অস্বাভাবিক কিংবা সন্দেহজনক পরিস্থিতিতে কারও মৃত্যু হলে তার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে এই ধারায় তদন্তের ব্যবস্থা রয়েছে। অভিনেতার মৃত্যুর ক্ষেত্রেও সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এই তদন্তের দায়িত্বে রয়েছেন সাব-ইনস্পেক্টর নীতিন নায়েক। চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃত্যুর আগে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর।

হাসপাতালের চিকিৎসক শেখর সালকারের বক্তব্য, ভোররাত প্রায় আড়াইটার দিকে এক বন্ধুকে মেসেজ করে শরীর খারাপ লাগার কথা জানিয়েছিলেন অভিনেতা। শরীরের বাঁ দিকে ব্যথা হওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

তবে সেই সময়ে মেসেজটি দেখতে পাননি তার বন্ধু। পরে ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে পৌছে তাকে হাঁপাতে ও ঘামতে দেখেন তিনি।

খবর পেয়ে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স পৌঁছয় অভিনেতার বাড়িতে। সেখানে তাকে সিপিআর (CPR) দেয়া হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের চেষ্টা সফল হয়নি।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে দিকে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক ভাবে কার্ডিয়াক অ্যারেস্টকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও, ঠিক কী কারণে তাঁর শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

অভিনেতাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর শুরু হয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া। পরে তার দেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তদন্তে ময়নাতদন্তের রিপোর্টসহ অন্যান্য তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

ফলে তদন্ত চললেও, এখনই নানা পাটেকরের মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছনোর অবকাশ নেই।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ মূলত মৃত্যুর পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখছে। তদন্তের ফল এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু

পরের সংবাদ

দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগমুহূর্তে ছন্দপতন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ