শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১ অক্টোবরের মধ্যে চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগপত্র পাবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এহছানুল হক মিলন বলেন, কিছু গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পানি বলে সাক্ষাৎকার দিয়েছেন তারা ইতোমধ্যে নিয়োগপত্র পেয়েছেন। এটি একটি চলমান প্রক্রিয়া।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিয়োগপত্র পাননি এমন সংবাদ ১ অক্টোবরের পরে করা উচিত ছিল। কারণ ১ তারিখ পর্যন্ত সময় রয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও প্রথম দফায় নিয়োগপত্র পাননি অনেকে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেরিফিকেশনে আটকে যায় অনেক চাকরিপ্রার্থীর নিয়োগপত্র। এ নিয়ে সারাদেশে সমালোচনা শুরু হলে গতকাল রোববার থেকে নিয়োগবঞ্চিতদের জন্য দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু শুরু করেছে কর্তৃপক্ষ।