মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো অপসারণের নির্দেশনা দেন আদালত। পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।

এ পর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে মামলায় আবেদন করে আদালতের আগের আদেশ সংশোধনের আবেদন জানানো হয়। তবে আদালত অবৈধ ইটভাটা বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন। এরপর উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন করে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলোকে নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।

ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।

এদিকে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন- এমন তথ্যের ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। একই সঙ্গে দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

পরের সংবাদ

‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন অভিনেত্রী...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

স্বাস্থ্য

সব সংবাদ