জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পেছনে চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মূলত নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের একটি ভবনে এই ভাঙচুরের ঘটনা ঘটে। ভবনটিতে সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিও হওয়ায় সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরপরই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে তছনছ হওয়া আসবাবপত্র, সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রপাতি দেখিয়ে চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন সালমান।
তবে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, হামলাটি নির্দিষ্ট করে সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে চালানো হয়নি এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র বা চাঁদাবাজির ভিত্তি নেই। পুরোটাই প্রপার্টিজ মালিকপক্ষের ব্যক্তিগত ও জমি সংক্রান্ত ঝামেলা। সালমান মুক্তাদিরের স্টুডিও ওই প্রপার্টির ভেতরে অবস্থিত হওয়ায় সেটিও হামলার শিকার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার মূল কারণ অনুসন্ধানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের না হলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।