যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১ দিনে ৮৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় সোনা ও ভারতীয় মোবাইল ফোন পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জালাল উদ্দিন শেখ (৫৫), যশোরের মনিরামপুর থানার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই থানার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।
বিজিবি জানায়, ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১১ দিনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এবং এর অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর, হিজলী ও শাহাজাদপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান।
এসব অভিযানে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ভারতীয় ৫২৭টি শাড়ি, ১৪টি থ্রি-পিস, ২৪টি চাদর, ১০টি মোবাইল ফোন, ৩০টি কম্বল, ৪৬ বোতল বিদেশি মদ, ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ, সাড়ে ৪ কেজি জিরা, ৩৩ প্যাকেট ফুচকা, ১০ কেজি ৫০০ গ্রাম কিশমিশ, ৯৭২টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২ হাজার ৯৮৮ পিস বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
এ ছাড়া জিরা, পাতার বিড়ি, ঘাসের বীজ, কীটনাশক ও ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট মূল্য ৮৯ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।