মাইকেল ওলিসের একমাত্র গোলে উয়েফা নেশনস ফুটবল লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে ফ্রান্স।
গতরাতে গ্রুপ-এ১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে বেলজিয়ামকে। নিজেদের প্রথম ম্যাচের ফ্রান্স ১-০ গোলে হারিয়েছিল তুরস্ককে। ইতালিকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বেলজিয়াম।
এই গ্রুপে ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে সমান ৩ করে পয়েন্ট আছে বেলজিয়াম ও ইতালির। এখনও পয়েন্টের দেখা পায়নি তুরস্ক।
তুরস্কের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাই এ ম্যাচের খেলতে পারেননি তিনি।
এজন্য এমবাপ্পেসহ আগের ম্যাচের শুরুর একাদশ থেকে ৯টি পরিবর্তন আনে ফ্রান্স। এ ম্যাচ দিয়ে অভিষেক হয় জেহেমি জ্যাক, আঁদি দিউফ ও লুকা দা কুইয়ার।
ব্রাসেলসে ১২ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল ফ্রান্স। বক্সের ভেতর থেকে দেজিরে দুয়ের শট বেলজিয়ামের ক্রসবারে লাগে।
১৮ মিনিটে মিডফিল্ডার লুকাস দা চুনার পাস থেকে বল নিয়ে বেলজিয়ামের বিপদ সীমানায় ঢুকে শট নেন স্ট্রাইকার এস্তেবান লেপল। কিন্তু তার শট বেলজিয়াম গোলরক্ষক সেনে ল্যামেন্সের হাতে জমা পড়ে।
২২ মিনিটে গোলের প্রথম সুযোগ পায় বেলজিয়াম। বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনার বাড়ানো পাসে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন শার্লে ডে কেটলার।
পরবর্তীতে আক্রমণ শানালেও ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে শুরুতে গোল সুযোগ হাতছাড়া করে বেলজিয়াম। ম্যাচের ৪৯ মিনিটে মিডফিল্ডার রোমেও লাভিয়ার যোগান দেওয়া বল ডি বক্স থেকে শট নিয়ে ফ্রান্সের গোলপোস্টের উপর দিয়ে মারেন ডি ব্রুইনা।
৭৭ মিনিটে স্ট্রাইকার ব্রাডলি বাহকোলার বদলি নামেন ওলিসে। ১১ মিনিট পর গোল পেয়ে যান ওলিসে।
রায়ান শেকির ক্রস থেকে বল নিয়ে প্রতিপক্ষের একজনকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে বেলজিয়ামের বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন ওলিসে। শেষ পর্যন্ত এই ওলিসের গোলেই জয় ফ্রান্স।
কোচ জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ফ্রান্স। ফ্রান্স জাতীয় দলের কোচ হবার পর প্রথম ম্যাচে জয় পাওয়া চতুর্থ কোচ জিদান।
এর আগে ১৯৬৪ সালে হেনরি গুয়েরিন, ১৯৮৪ সালে হেনরি মিচেল এবং ১৯৯৪ সালে আইমে জ্যাক নিজেদের প্রথম দুই ম্যাচে ফ্রান্সকে জয় এনে দিয়েছিলেন। দীর্ঘ ৩২ বছর পর কোচ হিসেবে প্রথম দুই ম্যাচ জয়ের তালিকায় নাম লেখালেন জিদান।