কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১৪ অক্টোবর) কুষ্টিয়া কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষ করে, গড়াই নদীর পাড়ে ঘোড়াইঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ, কুষ্টিয়া দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমী, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহাম্মেদ সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতি মন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর সাথে শহীদ আবরার ফাহাদের বাবা (৮ অক্টোবর) স্ব পরিবারে সাক্ষাৎ করেছেন, সেখানে পারিবারিক বিষয়ে এবং এলাকার মসজিদ ও ব্রিজ নির্মাণের ব্যাপারে আলোচনা করেন।
যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগত ভাবে ডেকে সেতু বাস্তবায়নের বিষয়ে নির্দেশে দেন।
যে কারনেই আমি কুষ্টিয়ায় এসেছি শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়নের উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব এখানে সেতু তৈরির সমস্ত পরিকল্পনা করে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।