মূল সংবাদে যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলী বরখাস্ত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এলজিইডি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে থানায় একটি মামলা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছিল। এতে ব্যয় ধরা হয় প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা।

একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া কাজটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

সম্প্রতি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এর আগে গত রোববার রাতে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় একজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

শুধু ঠিকাদার নয়, নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজস্ব আয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

পরের সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।