নোটিশ দিয়ে চেয়ারম্যান প্রার্থীদের আবেদন করতে বলছেন বিএনপি। যশোর সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে লিখিত আবেদন আহবান করেছে সদর উপজেলা বিএনপি। আগামী ৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।
যশোর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উপজেলার ইউনিয়নভিত্তিক সাংগঠনিক ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীদের আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে রাজনৈতিক জীবনবৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা ও মামলা নম্বরসহ সংশ্লিষ্ট এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে বলা হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তবে আবেদন যাচাই-বাছাইয়ের পদ্ধতি, প্রার্থী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং দলীয় সমর্থন ঘোষণার সময় সম্পর্কে নোটিশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।