মূল সংবাদে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভারতে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯২ হাজার টাকা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ভারতে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯২ হাজার টাকা
প্রতীকী ছবি

ভারতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, ১০ গ্রাম ১ লাখে নামার শঙ্কা কতটা? ভারতে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। এরপর থেকেই দরপতনের ধারায় রয়েছে মূল্যবান এই ধাতু।

সর্বশেষ সপ্তাহের লেনদেন শেষে দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। অর্থাৎ রেকর্ড দামের তুলনায় কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভরির হিসাবে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৫৩৯ ডলারে। সর্বোচ্চ ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের তুলনায় তা প্রায় ২ হাজার ৮৭ ডলার কম।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে ভারতীয় রুপির মূল্যবৃদ্ধিও দেশটির বাজারে স্বর্ণের দাম কমিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের গুরুত্বপূর্ণ সমর্থনস্তর ভেঙে নিচে নামলে তা ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপির কাছাকাছি পৌঁছাতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে স্বর্ণের দামে পতনের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। এগুলো হলো, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলারের কারণে মার্কিন বন্ডের উচ্চ মুনাফা এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্যবৃদ্ধি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ারে ধসও স্বর্ণসহ বিভিন্ন পণ্যবাজারে বিক্রির চাপ বাড়িয়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিনিয়োগকারীরা বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতুতে তাদের বিনিয়োগ কমাচ্ছেন।

স্বল্পমেয়াদে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে ৩ হাজার ৫০০ ডলারের স্তরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পণ্য ও মুদ্রাবাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইটির ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদী বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের জন্য ৩ হাজার ৫০০ ডলার গুরুত্বপূর্ণ সমর্থনস্তর। আগামী ৯ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

তার মতে, সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে অস্থিরতা ধরে রাখতে পারে। কারিগরি বিশ্লেষণে ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৫০০ ডলারকে তাৎক্ষণিক সমর্থনস্তর হিসেবে দেখা হচ্ছে। এর নিচে পরবর্তী সমর্থন ৩ হাজার ৩০০ ডলার। অন্যদিকে দাম বাড়লে ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৭০০ ডলারের মধ্যে বাধার মুখে পড়তে পারে।

গত সপ্তাহে এমসিএক্সে স্বর্ণের দাম প্রায় ১১ শতাংশ কমে ১ লাখ ২১ হাজার ৭৪৯ রুপির কাছাকাছি অবস্থান করছে। ১ লাখ ২১ হাজার ৭০০ থেকে ১ লাখ ২১ হাজার রুপির স্তরটি এখন গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে কাজ করছে।

এই স্তর ভেঙে গেলে দাম ১ লাখ ১৮ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে নেমে যেতে পারে। বিপরীতে দাম ঘুরে দাঁড়ালে প্রথমে ১ লাখ ২৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২৭ হাজার রুপি এবং পরে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ৭০০ রুপির স্তরে বাধা পেতে পারে। এই বাধাগুলো অতিক্রম করতে পারলেই দামের পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাবে।

দৈনিক আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই প্রায় ১৭-তে নেমে এসেছে। এটি স্বর্ণের বাজারে অতিরিক্ত বিক্রির চাপের ইঙ্গিত দেয়।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা দেশটির উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই)। ২৫ নভেম্বর আসবে অক্টোবরের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই), যা মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের পছন্দের সূচক।

এই তথ্য থেকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ কতটা স্থায়ী, সে সম্পর্কে ধারণা পাবেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি বেশি থাকলে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা জোরালো হতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি কমার ইঙ্গিত পাওয়া গেলে সুদের হার নিয়ে উদ্বেগ কমতে পারে এবং স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগির ভারতের বাজারে ১ লাখ রুপিতে নেমে যাওয়ার সম্ভাবনা দেখছেন না বাজার বিশ্লেষক ও সেবি-নিবন্ধিত বিশেষজ্ঞ অনুজ গুপ্ত। তার মতে, ভারত ও আন্তর্জাতিক উভয় বাজারেই স্বর্ণের দাম অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ ভিত্তি পয়েন্টের কম বাড়ালে এবং দেশটির মূল্যস্ফীতির তথ্য ইতিবাচক হলে স্বর্ণের বাজারে নতুন করে কেনার আগ্রহ তৈরি হতে পারে।

তবে স্বর্ণের দাম ১ লাখ রুপিতে নামবে কি না, তা নির্ভর করবে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি, ডলারের গতিপথ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা-জোগানের ওপর। আপাতত বিশ্লেষকদের নজর ৩ হাজার ৫০০ ডলারের আন্তর্জাতিক সমর্থনস্তর এবং ভারতের বাজারে ১ লাখ ২১ হাজার রুপির কাছাকাছি দামের ওপর। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

খাবার খাওয়ার সময় নবীজি (সা.) যে বিষয়গুলো মেনে চলতেন

পরের সংবাদ

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।