মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ, যেভাবে এলো দিনটি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আন্তর্জাতিক পুরুষ দিবস আজ, যেভাবে এলো দিনটি
ছবিঃ নিউজ ফাস্ট

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয় দিবসটি। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, পরিবার ও সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জীবনের নানা ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ ও বৈষম্যের বিষয়গুলো সামনে আনাই এ দিবসের মূল উদ্দেশ্য।

বাবা, ভাই, স্বামী কিংবা বন্ধু—পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পুরুষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুরুষকে যে মানসিক চাপ, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়, তা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়।

আন্তর্জাতিক পুরুষ দিবস সেই না-বলা কষ্ট ও অভিজ্ঞতাগুলো তুলে ধরার একটি উপলক্ষ। দিবসটি আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়; বরং নারী-পুরুষ সবার অভিজ্ঞতা, অধিকার ও সমস্যাকে সমান গুরুত্ব দেওয়ার বার্তা দেয়।

এবারের প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’

২০২৬ সালে ২৮তম বছরে পদার্পণ করেছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এবারের প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (ভবিষ্যৎ সবার)। ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের লেখক লিসা ব্রিটন এ ধারণাটি সামনে আনেন।

আন্তর্জাতিক পুরুষ দিবসের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিপাদ্যটি পুরুষদের স্বীকৃতি ও সহযোগিতার জন্য সবাইকে উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানায়। এর মধ্য দিয়ে প্রকৃত অন্তর্ভুক্তি, আন্তরিক সমতা ও উদারতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

যেভাবে শুরু হলো আন্তর্জাতিক পুরুষ দিবস

১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস বিভাগের প্রভাষক ড. জেরোম টিলাকসিংহ আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রচলন করেন।

এরপর থেকে প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

কেন গুরুত্বপূর্ণ পুরুষ দিবস?

আন্তর্জাতিক পুরুষ দিবস শুধু পুরুষদের শুভেচ্ছা জানানোর দিন নয়। বরং তাদের জীবনের বাস্তব সমস্যা, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক অবস্থান নিয়ে কথা বলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

বিশেষ করে পুরুষের মানসিক স্বাস্থ্য এ দিবসের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা, সামাজিক প্রত্যাশা এবং আবেগ প্রকাশ করতে না পারার প্রবণতা অনেক পুরুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

সমাজে প্রচলিত একটি ধারণা হলো, পুরুষ মানেই শক্তিশালী। তারা কাঁদবেন না, দুর্বলতা প্রকাশ করবেন না, সব পরিস্থিতিতে দায়িত্ব সামলাবেন। এমন ধারণা অনেক পুরুষকে নিজের কষ্ট গোপন রাখতে বাধ্য করে। ফলে প্রয়োজন হলেও অনেকে চিকিৎসা কিংবা মানসিক সহায়তা নিতে চান না।

এ কারণে দিবসটিতে বিষণ্নতা, মানসিক স্বাস্থ্য, পুরুষের আত্মহত্যার প্রবণতা এবং ‘টক্সিক ম্যাসকুলিনিটি’ বা ক্ষতিকর পৌরুষের ধারণা নিয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।

পুরুষের সুস্থতা, পরিবারেরও স্বস্তি

একজন পুরুষ কেবল পরিবারের উপার্জনকারী নন। তিনি কারও বাবা, কারও সন্তান, কারও ভাই কিংবা জীবনসঙ্গী। তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের অন্য সদস্যদের ভালো থাকাও।

তাই পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা, স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা এবং মানসিক সংকটে পাশে দাঁড়ানো জরুরি।

আন্তর্জাতিক পুরুষ দিবসের মূল বার্তাও তাই—সমাজে নারী ও পুরুষ উভয়েরই রয়েছে সমান মর্যাদা ও গুরুত্ব। একজনের অধিকার প্রতিষ্ঠা অন্যজনের অধিকারকে খর্ব করার বিষয় নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।