মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাস পুড়ে গেছে। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর আমচত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। একই রাতে জেলার চারঘাটে রেললাইনেও আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা জেলার সঙ্গে বন্ধ ছিল ট্রেন চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে।

পরে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (ডিজি) আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভানোর পর রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

এদিকে রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

পরের সংবাদ

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ, যেভাবে এলো দিনটি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।