মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়

যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক।

মঙ্গলবার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে জরুরি জাতীয় সেবা ৯৯৯ এ কল পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ সহকারী ১২ শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনী পরীক্ষায় আরফিন আহমেদ নামের এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়।

ওই শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন আরফিন আহমেদের বাবা ইউনুস আলী। কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে থাপ্পড় দেওয়া শুরু করেন। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় থেকে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে পুলিশ ইউনুস আলীকে আটক করে।

এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসেছিলেন। এসময় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর গালে চড় বসিয়ে দেন।

পরে অন্য শিক্ষকরা রুমে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে রুমে আসেন ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি। এসময় তাদেরকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

পরের সংবাদ

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা ডিআইজির

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ