খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের আরও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
মঙ্গলবার যশোর জেলা সফরকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া বৃক্ষরোপণ এবং স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
কল্যাণ সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত সমস্যা, ব্যক্তিগত কল্যাণ এবং সুযোগ-সুবিধাসংক্রান্ত বক্তব্য শোনেন। এ সময় তিনি কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবা প্রদানে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, খুলনা রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় যশোর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
কল্যাণ সভাটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।