মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

৮৭ টাকায় আনা মাল্টা বাজারে ৫২০ টাকা কেজি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৮৭ টাকায় আনা মাল্টা বাজারে ৫২০ টাকা কেজি

বাজারে এখন যেসব হলুদ মাল্টা পাওয়া যাচ্ছে, সেগুলোর বড় অংশ আসছে দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে। দেশ দুটি থেকে প্রতি কেজি মাল্টা সর্বোচ্চ ৭০ সেন্টের কাছাকাছি দরে আমদানি হচ্ছে।

বাংলাদেশি মুদ্রায় যার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা। কিন্তু সেই মাল্টা এখন চট্টগ্রামের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি। অর্থাৎ যে ফলের আমদানি মূল্য ৮৭ টাকা, ভোক্তার হাতে পৌঁছাতে তার দাম বেড়েছে পাঁচ গুণের বেশি।

কোথায় কত টাকা যোগ হচ্ছে, তা জানতে আমদানি থেকে খুচরা বাজার পর্যন্ত বিভিন্ন পর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায়, মূল্যবৃদ্ধির বড় একটি অংশ তৈরি হচ্ছে আমদানি পর্যায়েই। কারণ, মাল্টার ওপর মোট শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ শতাংশ।

এরপর আছে পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়। তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ কম থাকা এবং ডেঙ্গুর প্রকোপে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা পর্যায়েও দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

বাংলাদেশ কাস্টমসের হিসাবে, কমলা ও মাল্টাজাতীয় তাজা ফল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ। এতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও অগ্রিম আয়কর রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি মাল্টার গড় আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা। এর ওপর শুল্ক-কর পড়ে প্রায় ১০৭ টাকা। অর্থাৎ বন্দর থেকে খালাসের সময়ই প্রতি কেজির ব্যয় দাঁড়ায় ১৯৩ থেকে ১৯৪ টাকা।

মাল্টা আসে হিমায়িত কনটেইনারে। বন্দর থেকে গুদামে নেওয়া, কনটেইনার ও পরিবহনসহ বিভিন্ন আনুষঙ্গিক ব্যয়ে আরও ১০ থেকে ১৫ টাকা যোগ হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তাতে সরাসরি হিসাবেই ব্যয় দাঁড়ায় ২০৪ থেকে ২০৯ টাকা কেজি।

তবে আমদানিকারকদের বক্তব্য, পচনশীল পণ্যে এ হিসাবই শেষ কথা নয়। ফল নষ্ট হওয়া, কনটেইনার ও বন্দর সংক্রান্ত খরচসহ সব মিলিয়ে তাঁদের প্রকৃত ব্যয় কেজিতে ২৩০ থেকে ২৪০ টাকা পর্যন্ত হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, শুল্ক-কর বাড়ানোর পর থেকে মাল্টা আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে দেশে ২ লাখ ৯৪ হাজার টন মাল্টা আমদানি হয়েছিল।

পরের অর্থবছরে শুল্ক-কর বাড়ানোর পর আমদানি কমে ২ লাখ ২০ হাজার টনে নামে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজার টনে।

এরপর ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৮ হাজার এবং ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৫৩ হাজার টন মাল্টা আমদানি হয়। অর্থাৎ চার বছরের ব্যবধানে আমদানি প্রায় অর্ধেকে নেমেছে।

চলতি অর্থবছরেও নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। প্রথম প্রায় তিন মাসে আমদানি হয়েছে মাত্র ২১ হাজার টন।

বন্দর থেকে খালাসের পর মাল্টা যায় চট্টগ্রাম ও ঢাকার পাইকারি বাজারে। আমদানিকারকের কাছ থেকে পাইকার এবং সেখান থেকে খুচরা বিক্রেতার হাতে পৌঁছায় ফল। প্রতিটি ধাপেই বাজারের চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম বদলায়।

চট্টগ্রামের ফলমন্ডির ব্যবসায়ীরা জানান, প্রায় তিন সপ্তাহ আগে পাইকারিতে মাল্টা বিক্রি হয়েছিল ২২০ থেকে ২৩০ টাকা কেজি। এরপর দ্রুত দাম বাড়তে থাকে।

একপর্যায়ে ১৫ কেজির কার্টন ৬ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি হয়। অর্থাৎ পাইকারিতেই দাম ওঠে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি।

গত বুধবার চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারে মাল্টা ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়।

রেলওয়ে মেন্স সুপার মার্কেটের ফল ব্যবসায়ী মো. বাবুল বলেন, জুন থেকে আগস্ট পর্যন্ত আমদানিকারকদের অনেকে লোকসান করেছেন। ফলে পরবর্তী সময়ে আমদানি কমে যায়।

সেপ্টেম্বরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম দ্রুত বেড়েছে। এখন নতুন চালান আসায় দাম আবার কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

মাল্টা আমদানিকারক এইচআর করপোরেশনের কর্ণধার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, শুল্ক-কর, বন্দর মাশুল ও কনটেইনার পরিবহন সব খরচই বেড়েছে।

তবে তাঁর ভাষ্য, আমদানিকারক বা পাইকারি পর্যায়ের দামের তুলনায় খুচরায় অনেক ক্ষেত্রে কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মেট্রোরেলের ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।