বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের তাওহীদ (১৮), সৌরভ (১৭) ও বেনাপোলের বাসিন্দা মুস্তাকিন (১৭)।
তারা চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। মুস্তাকিন কয়েকদিন আগে ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উজিরপুর থেকে মোটরসাইকেলে করে তিন বন্ধু বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আটিপাড়া এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান।
ওসি রকিবুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।