নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে একটি তালগাছে সাতটি মাথা গজিয়েছে। ব্যতিক্রমী আকৃতির এই তালগাছ দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ। বিরল এ দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাংলার পরিচিত তালগাছ সাধারণত একটি মাথা বা অগ্রভাগ নিয়ে বেড়ে ওঠে। তবে পূর্ব সোনাপাতিল গ্রামের এই তালগাছটির বিভিন্ন দিক থেকে একাধিক মাথা বের হয়েছে। বর্তমানে গাছটিতে সাতটি মাথা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা জহুরুল জানান, প্রথমে একটি তালগাছে সাতটি মাথা হওয়ার খবর শুনে তিনি বিশ্বাস করতে পারেননি। পরে সরেজমিনে গিয়ে গাছটি দেখে বিস্মিত হন। এমন ব্যতিক্রমী দৃশ্য আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।
নলডাঙ্গার ঠাকুরলক্ষিকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম বলেন, এমন ব্যতিক্রমী তালগাছের কথা শুনে অনেকেই সেটি দেখতে যাচ্ছেন। তিনিও বিষয়টি শুনেছেন এবং কয়েক দিনের মধ্যে গাছটি সরেজমিনে দেখার পরিকল্পনা করছেন।
স্থানীয় পরিবেশকর্মী ফজলে রাব্বী বলেন, তালগাছের একটি মাথা থেকে একাধিক মাথা বের হওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। এ ধরনের ব্যতিক্রমী বৈশিষ্ট্য মানুষের কৌতূহল বাড়ায়। অতিরিক্ত মাথা থাকলে গাছের ক্ষতি না-ও হতে পারে, বরং কিছু ক্ষেত্রে উপকারও হতে পারে। তাই গাছটির যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ বলেন, এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে দুই-তিন ধরনের কারণ থাকতে পারে। গাছের অগ্রভাগে অস্বাভাবিক কোষ বিভাজন, জিনগত পরিবর্তন বা মিউটেশন, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা আঘাত, বজ্রপাত ও পরজীবীর আক্রমণের কারণে এমনটি হতে পারে।
তবে পর্যবেক্ষণ ছাড়া সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এটি খুবই বিরল ঘটনা। সবাই বিষয়টি উপভোগ করুন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, তিনিও ব্যতিক্রমী সাত মাথার তালগাছটির বিষয়ে শুনেছেন।
ব্যতিক্রমী এই তালগাছ দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষের আগমন ঘটছে। স্থানীয়দের প্রত্যাশা, গাছটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা হলে এটি একসময় নলডাঙ্গার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে।