চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দীর বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে বা কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষ আগুন দেখা যায়। এদিকে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে বালিয়ায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌছে আগুন নিভিয়ে ফেলে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন লাগার সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।