চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের সামনের সড়কে গাছ কেটে অবরোধ তৈরির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার এমপির বাসভবনের সামনের সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরির চেষ্টা চালানো হয়। এ সময় সেখানে টহলরত পুলিশ এবং স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন স্থানীয় নেতাকর্মীরা এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম দাবি করেন, তাকে লক্ষ্য করে বাসভবন ঘেরাও ও হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দলের নেতাকর্মীদের প্রতিরোধে কেউ সামনে এগোতে পারেনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, অভিযুক্তরা অগ্নিসংযোগের উদ্দেশ্যে ও অস্ত্র নিয়ে এলাকায় আসেন এবং ধাওয়া করলে পালানোর চেষ্টা করেন।
বিএনপি স্থানীয় এক নেতা বলেন, গাছ কেটে অবরোধের সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
তবে, এ ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আরফাদ ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের কর্মী বোরহান আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, আটক ব্যক্তিরা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের অনুসারী। ঘটনার রাতে সংশ্লিষ্ট একটি ফেসবুক আইডি থেকে গাছ কাটা ও অবরোধ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ঘটনাটিকে সংসদ সদস্যের বাসভবনে হামলার চেষ্টা হিসেবে দেখছে না পুলিশ।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এটি এমপির বাড়িতে হামলার ঘটনা নয়; বরং সড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরির চেষ্টা করা হয়েছিল।
কিন্তু, টহলরত পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।