বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ভারত ফেরত যাত্রীরা। বিকল্প পথে বাড়ি ফিরছেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাসগুলো কলকাতা থেকে আসার পর বেনাপোল ছেড়েছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কথা আগেভাগেই জানতে পারায় ভারতফেরত যাত্রীর সংখ্যা একেবারেই কম। যারা নিতান্তই ফিরছেন, তারা লোকাল বাস কিংবা ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা করছেন বলে কাউন্টার সূত্রগুলো নিশ্চিত করেছে।
শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সরাসরি কলকাতা-ঢাকার বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল থেকে ছেড়ে গেছে। ভারত থেকে ফিরে আসা যাত্রীদের অনেকেই সেই বাসে ঢাকায় গেছেন।
বৃহস্পতিবার কলকাতা থেকে চারটি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছেন। সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বৃহস্পতিবারও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে।
বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কাউন্টার ম্যানেজাররা জানান। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প রুটে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।