মূল সংবাদে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারাদেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

এর প্রভাবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা টানা পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, প্রথম দিন (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার (২০ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলেও শনিবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন রোববার (২২ নভেম্বর) রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

পঞ্চম দিন সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে; এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই দুই দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২২ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ১৪, হাতিয়ায় ১২, কক্সবাজারে ১১ এবং বান্দরবান ও রামগতিতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ব্লক রেইড ও চিরুনি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার

পরের সংবাদ

নিকো পাজকে ফেরাতে ৮ কোটি ইউরো খরচ করবে কি রিয়াল?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।