সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৪৪ জনে দাঁড়াল।
এ ছাড়া গত একদিনে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে।
সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।