নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় জালিয়াতি, ভুয়া ঋণপত্র তৈরি, অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চার শাখা ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
একই সঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নাটোর প্রধান শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, গুরুদাসপুর ও চাঁচকৈড় শাখায় অভ্যন্তরীণ ও বিশেষ অডিট পরিচালনা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অডিটে এসব শাখায় বিভিন্ন আর্থিক অনিয়ম ও অসঙ্গতির তথ্য উঠে আসে।
অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুরাতন বাসস্ট্যান্ড শাখার সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে নওগাঁ প্রিন্সিপাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার লিটন কুমারের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের ৯২ লাখ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার এবং বর্তমানে নওগাঁ টিটিডিসি শাখার ব্যবস্থাপক বিপ্লব কুমার পালের বিরুদ্ধে ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পরিমাণ মোট ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা।
এ ছাড়া তাদের বিরুদ্ধে ভুয়া ঋণপত্র তৈরি ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোর অভিযোগও রয়েছে।
অন্যদিকে, নাটোর স্টেশন বাজার শাখার সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এএইচএম রোকনুজ্জামানের বিরুদ্ধে ৪৭ লাখ ৩৬ হাজার টাকার ভুয়া ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
গুরুদাসপুর শাখার সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে ৭৭ লাখ ৯৯ হাজার টাকার ভুয়া ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধির অভিযোগ রয়েছে।
এ ছাড়া চাঁচকৈড় শাখার সাবেক ব্যবস্থাপক এবং বর্তমানে বড়াইগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমানের বিরুদ্ধে ২ কোটি ৮৮ লাখ টাকার ভুয়া ঋণ ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোর অভিযোগ উঠে এসেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই আদেশে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নাটোর প্রধান শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা নিজ নিজ শাখার দায়িত্বে থাকছেন না; তাদের প্রধান শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে নাটোর ও নওগাঁর সংশ্লিষ্ট প্রধান শাখায় চিঠি দিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, পুরাতন বাসস্ট্যান্ড শাখার সাবেক ব্যবস্থাপক লিটন কুমার ও সাবেক প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার পালের বিরুদ্ধে পৃথকভাবে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে দেশের সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পাঁচ কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অডিটে উঠে আসা অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তী শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।