মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জামানত ছাড়াই বেকার ও তরুণ উদ্যোক্তারা পাবে ১০ লাখ টাকা ঋণ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জামানত ছাড়াই বেকার ও তরুণ উদ্যোক্তারা পাবে ১০ লাখ টাকা ঋণ

জুলাই যোদ্ধা ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থান গড়তে ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ব্যাংককে এ প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় কোনো জামানত ছাড়াই মাত্র ৪ থেকে ৬ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রকল্পের তহবিল হতে পারে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা। তবে পরবর্তী সময়ে বিভিন্ন উৎসের অর্থ যুক্ত করে প্যাকেজটির আকার এক হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু হতে পারে।

‘উদ্যোগ’ প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে। প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়ার পাশাপাশি ভালো পারফরম্যান্স করা উদ্যোক্তাদের অনুদান বা গ্রান্ট দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পের আওতায় ঋণ বিতরণ শুরু করবে।

২৫ থেকে ২৮ বছর বয়সী তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধায় তুলনামূলক কম সুদে ঋণ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

ঋণের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। নতুন উদ্যোক্তাদের পাশাপাশি ইতোমধ্যে ব্যবসা করছেন, এমন তরুণদেরও এ ঋণ দেওয়া হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনাটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। বিভিন্ন পক্ষের মতামত নিয়ে ঋণের পরিমাণ, সুদের হার, যোগ্যতা, ব্যবসার মেয়াদ এবং অন্যান্য শর্ত চূড়ান্ত করা হবে।

আবেদনপ্রক্রিয়া, যাচাই-বাছাই ও অর্থায়নের বিস্তারিত কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। তবে উদ্যোক্তা নির্বাচনকে পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে, ২৮ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তাকে বাছাই করে অর্থায়ন করা হবে। এর মাধ্যমে কয়েক হাজার তরুণকে ‘উদ্যোক্তা তৈরির কার্যক্রমে’র আওতায় আনার বিষয়ও আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

পরের সংবাদ

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।