মূল সংবাদে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জমে উঠেছে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
জমে উঠেছে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট

দিনাজপুরের দশমাইলে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট জমে উঠেছে। তবে গত বছরের তুলনায় এবার কলার দাম কিছুটা কম বলে জানিয়েছেন চাষিরা। তবুও চলতি মৌসুমে ২০০ কোটি টাকার কলা কেনাবেচার আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুরে উৎপাদিত সাগর কলার খ্যাতি দেশজুড়ে। এই জেলার কৃষকরা সাগর, শবরি, মালভোগ ও চিনি চম্পাসহ বিভিন্ন জাতের কলার চাষ করছেন। জেলার কাহারোল উপজেলার দশমাইল মোড়ে বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট।

নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার চাষিরা এই হাটে কলা নিয়ে আসেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই হাটে কলা কিনতে আসেন।

বড় পরিসরের এই কলার হাটকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগও। প্রতিদিন কয়েকশ শ্রমিক কলা বাছাই, পরিবহন ও ট্রাকে ওঠানোর কাজে যুক্ত থেকে আয় করছেন।

সরেজমিন দেখা গেছে, রাত থেকে ভোর পর্যন্ত ভ্যান, নসিমন, ইজিবাইক, পিকআপে করে এই হাটে বিক্রির জন্য কলা আনেন চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা। কেনাবেচা শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকে কলা লোড হয়ে চলে যায় বিভিন্ন প্রান্তে।

কলাচাষি আশরাফুল বলেন, গত বছরের তুলনায় এ বছর দাম কমে গেছে। গত বছর ৪০ থেকে ৫০ হাজার টাকায় কলা বিক্রি করেছি, সেই কলা এবার ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা থেকে আসা কলা ব্যবসায়ী তালুকদার হোসেন বলেন, ভালো মানের কলার দাম তুলনামূলক বেশি। আমি প্রতিদিন এই হাট থেকে ৩ থেকে ৪ ট্রাক কলা কিনে ঢাকায় পাঠাচ্ছি।

দশমাইল কলার হাটের ইজারাদার শামিম জানান, মৌসুমে প্রতিদিন এক কোটি টাকার ওপরে কলা বিক্রি হয়। প্রতিদিন গড়ে ২০ ট্রাক লোড হয়। মৌসুমে এ হাটে লোড-আনলোডের কাজ করেন অন্তত ১০০ শ্রমিক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর খরিপ-১ ও রবি মৌসুমে জেলায় কলার আবাদ হয়েছে ১ হাজার ২৫৯ হেক্টর জমিতে। দশমাইলের কলার হাটে ৪ মাসে প্রায় ২০০ কোটি টাকার কলা কেনাবেচা হবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দশমাইলের কলার হাট থেকে প্রতিদিন বহু গাড়ি বিভিন্ন স্থানে যাচ্ছে।

গত বছর চাষিরা কলার দাম ভালো পেয়েছিল। কিন্তু চলতি বছর কলার দাম একটু কম আছে। তবে সময় বাড়ার সাথে সাথে কলার দামও বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্...

পরের সংবাদ

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।