মূল সংবাদে যান
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে যশোরের একমাত্র বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ।

দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির জন্য ২৪টি পদে অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক স্মারকপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের হাতে গড়া প্রতিষ্ঠানটি তারই সুযোগ্য পুত্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে পূর্ণতা পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল।

২৪টি পদে অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনে আরেক ধাপ অগ্রগতি। আল্লাহর রহমতে আগামী বছর জুনের আগেই পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি চলছে।’

মঞ্জুরীকৃত মোট ২৪টি পদের মধ্যে ১৫টি স্থায়ী ক্যাডার পদ এবং বাকি ৯টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাখা হয়েছে।

স্থায়ী পদসমূহ ১৫টি। সেগুলো হচ্ছে, একটি সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), একটি সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), দুইটি জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), একটি জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), একটি সহকারী রেজিস্ট্রার, একটি অ্যানেসথেটিস্ট এবং ৮টি মেডিকেল অফিসার।

অন্যান্য পদসমূহ ৯টি। সেগুলো হচ্ছে, একটি নার্সিং সুপারভাইজার, দুইটি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), একটি মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), একটি ফার্মাসিস্ট (ডিপ্লোমা), একটি কম্পিউটার অপারেটর, একটি স্টোর কিপার, একটি ফার্মেসি সহকারী এবং একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

২০০৬ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে যশোরের এই হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজ শেষ হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই দশকেও চালু করা সম্ভব হয়নি।

অবশেষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে এটি চালুর পথ সুগম হলো। এর মাধ্যমে যশোরবাসীর দীর্ঘদিনের একটি প্রধান প্রত্যাশা পূরণ এবং প্রতিমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হতে যাচ্ছে।

প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

আশা করছি, আগামী তিন মাসের মধ্যে মেশিনারি বসানোর কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের অন্যান্য কার্যক্রমের কাজও শুরু হয়ে গেছে।’ 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

“বাঁচার জন্য দৌড়ে এসেছিলেন রাস্তায়, কিন্তু শেষ রক্ষা হলো না!”

পরের সংবাদ

ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার দাবি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।