মেটার এআই অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বাধীন পরীক্ষণ প্রতিষ্ঠান পরিচালিত মূল্যায়নের সময় সৃষ্ট ত্রুটির কারণে তাদের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে ইন্টারনেটে সংযুক্ত করেছিল, যার ফলে এটি অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশ করে সেটি হ্যাক করেছে।
বিবিসির খবর অনুযায়ী, এমন এক সময়ে মেটা থেকে এই ঘোষণা দেওয়া হলো, যখন পরপর ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে এবং সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই মডেলের মাধ্যমেও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মেটার এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মিসকনফিগারেশন বা ত্রুটিপূর্ণ বিন্যাসের কারণে ঘটে যাওয়া এই হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং এটি অন্যান্য প্রতিষ্ঠানে আগে প্রকাশিত অনুরূপ ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মেটা জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষাগুলো পরিচালনা করেছে ইরেগুলার নামের একটি এআই নিরাপত্তাপ্রতিষ্ঠান, যারা এর আগে অ্যানথ্রপিকের এআই মডেলের ওপরও পরীক্ষা চালিয়েছিল এবং অ্যানথ্রপিকের মডেলটি তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল। এসব ঘটনার পর গবেষক ও বিভিন্ন দেশের সরকার নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার এবং কঠিন ও ব্যাপক পরীক্ষার দাবি জানিয়েছে।
ইরেগুলারের এক মুখপাত্র বিবিসিকে বলেন, মেটার ঘটনাটি মূল্যায়ন পরিবেশ সংক্রান্ত ঠিক সেই একই ধরনের সমস্যা, যার কথা অ্যানথ্রপিক গত সপ্তাহেই প্রকাশ করেছিল। তিনি আরও জানান, এআই এজেন্টকে অন্তর্ভুক্ত করে সাইবার নিরাপত্তা পরীক্ষা কীভাবে নিরাপদভাবে পরিচালনা করা যায়, ইরেগুলার বর্তমানে এমন একটি প্রতিবেদন তৈরির কাজ করছে।
এছাড়া মেটা জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে সব তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পর তারা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

বিজ্ঞাপন
গত দুই সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকও এমন ঘটনার কথা জানিয়েছে এবং বলেছে যে পরীক্ষার সময় তাদের এআই মডেলগুলো অন্য প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করতে বা অননুমোদিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই একাধিক ঘোষণায় জানিয়েছে, তাদের এআই এজেন্টগুলো হাগিং ফেসসহ বিভিন্ন উন্মুক্ত অনলাইন সেবার ওপর আক্রমণ চালিয়েছিল। এ সপ্তাহে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট বা এআইএসআই জানিয়েছে, তাদের পরীক্ষায় দেখা গেছে কিছু এআই মডেল সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করেছে এবং এ জন্য ভুয়া মানব পরিচয় তৈরি করে মানুষকে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
ওপেনএআইয়ের তথ্য প্রকাশের পর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক নিজস্ব তদন্ত ও পরীক্ষা চালিয়ে জানতে পারে যে মিসকনফিগারেশনের কারণে ইন্টারনেটে প্রবেশাধিকার পাওয়ার পর তাদের ক্লড এআই মডেল কয়েকটি প্রতিষ্ঠানের সিস্টেমে একই ধরনের আক্রমণ চালিয়েছিল।
আরও পড়ুন: এইজ ভেরিফিকেশন ফিচার: ব্যবহারকারীদের বয়স যাচাই করছে হোয়াটসঅ্যাপ
এআইএসআই আরও জানিয়েছে, সবচেয়ে গুরুতর ঘটনা ঘটিয়েছে অ্যানথ্রপিকের এআই মডেল মিথোস, যা একটি সেবায় প্রবেশাধিকার পেতে বাস্তব ব্যক্তিদের পরিচয় অনুকরণ করে তৈরি করা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিল। তবে অ্যানথ্রপিক ও ওপেনএআই উভয়ই জানিয়েছে যে পরীক্ষায় ব্যবহৃত বা মূল্যায়ন করা মডেলগুলো তাদের বাস্তবে ব্যবহৃত কোনো মডেলের প্রতিনিধিত্ব করে না বা সাধারণ ও বাস্তব ব্যবহার পরিস্থিতির প্রতিফলন করে না।
এসব ঘটনার তথ্য প্রকাশের সময় নিয়ে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন এআই উন্নয়ন নিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে তারা এসব ঘটনা প্রকাশ করেছে। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিক শেয়ারবাজারে বড় ধরনের তালিকাভুক্তি বা আইপিওর প্রস্তুতি নিচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই তালিকাভুক্তির সময় প্রতিটি প্রতিষ্ঠানের বাজারমূল্য প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার বা এক লাখ কোটি মার্কিন ডলার হতে পারে।