প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন।
রোববার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত মৎস্য সপ্তাহের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে এই সনদ ও পদক গ্রহণ করেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আলাউদ্দিনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু। তবে, এ বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিম।
তিনি বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, আমাদের তদন্তে রাজনৈতিক পরিচয় পায়নি। বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করেছেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পাশাপাশি খামারটিতে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগতমানের পোনা উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আলাউদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার ব্যাংক চেক দেওয়া হয়।