‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ টেলিভিশন সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিনিধি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি তার প্রতিনিধির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি।
তিনি ছিলেন অসাধারণ এক আলোর মতো মানুষ এবং শক্তিশালী ব্যক্তিত্ব। যারা তাকে চিনতেন এবং পর্দায় দেখেছেন, তাদের জীবনে তিনি অপরিসীম ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন।’
টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ আরোগ্য লাভের বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হেইডেন। পরে ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস চরিত্রেও প্রশংসিত হন তিনি।
২০১১ সালের ‘স্ক্রিম ৪’ সিনেমায় কিরবি রিড চরিত্রে অভিনয় করেন হেইডেন। পরে ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতেও একই চরিত্রে ফিরে আসেন। এ ছাড়া ‘আই লাভ ইউ, বেথ কুপার’ ও ‘রিমেম্বার দ্য টাইটানস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৯৮ সালের অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সীদের একজনও ছিলেন হেইডেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী। মাদকাসক্তি, আসক্তি থেকে বেরিয়ে আসা, সন্তান জন্ম-পরবর্তী বিষণ্নতা ও পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে চলতি বছর তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’ প্রকাশিত হয়।
মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেন হেইডেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েও সক্রিয় ভূমিকা রাখেন তিনি।