বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য আসছে এক দারুণ সুসংবাদ। চলতি বছরের বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তির মিছিলে শামিল হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। এ তো পুরোনো খবর। নতুন খবর হলো, এই গ্লোবাল রিলিজের জোয়ারে ভেসে পিছিয়ে থাকছে না বাংলাদেশও।
শাহরুখ খানের বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে সিনেমাটি।
ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে শীর্ষস্থানীয় পরিবেশনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির আনুষ্ঠানিক অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ‘আমি এখন দেশের বাইরে আছি। ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি, বাকিটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী দুদেশের চলচ্চিত্রের আদান-প্রদান নিশ্চিত করতে সাফটা চুক্তির আওতায় এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে বড় পর্দায় ‘কিং’-এর মতো বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার দেখতে পাওয়ার সম্ভাবনা ঢাকাই সিনেমার দর্শকদের মাঝেও তৈরি করেছে বাড়তি উন্মাদনা।
এখন শুধু অপেক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সঙ্কেতের—যা নিশ্চিত হলেই ক্রিসমাসের বক্স অফিসে দেখা যাবে কিং খানের রাজত্ব।