ঢাকাই সিনেমার অ্যাকশন হিরো অনন্ত জলিল। তবে রূপালী পর্দার মারদাঙ্গা অ্যাকশনের চেয়ে গত কদিন ধরে বাস্তব জীবনের কিছু ‘টানটান উত্তেজনার’ খবরের কারণেই বেশি আলোচনায় আছেন এই তারকা।
ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা গুঞ্জন, ব্যাংকঋণের নোটিশ আর কারখানা বন্ধের গুঞ্জনে যখন সোশ্যাল মিডিয়া গরম, ঠিক তখনই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন এই অভিনেতা।
শনিবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টেই যেন সব জল্পনার জবাব দিলেন এই অভিনেতা-প্রযোজক। তার এই পোস্টে যেমন ছিল আত্মিক শক্তির জোয়ার, তেমনি ট্রলকারীদের জন্য ছিল এক মোক্ষম বার্তা।
পোস্টের শুরুতেই পবিত্র কোরআনের চিরন্তন বাণী তুলে ধরেন অনন্ত জলিল। সুরা ফাতিহার আয়াত—‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ (আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী) উল্লেখ করে তিনি বুঝিয়ে দেন, সংকট যতোই গভীর হোক না কেন, তার মূল ভরসার জায়গা মহান সৃষ্টিকর্তা।
এর পর সামাজিক মাধ্যমে যারা তাকে নিয়ে ইতিবাচক পোস্ট দিয়েছেন, দোয়া করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও কার্পণ্য করেননি তিনি। অভিনেতা লিখেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
অনন্ত জলিলকে ঘিরে টিআরপির উদ্দেশে যারা কাজ করেছেন তাদেরও বিনয়ের সঙ্গেই যেন একহাত নিলেন তিনি। তাদের উদ্দেশে অভিনেতা লিখেছেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’
প্রসঙ্গত, চলচ্চিত্রের বাইরে অনন্ত জলিলের সফল ব্যবসায়ী সত্ত্বা নিয়ে সম্প্রতি কম জল ঘোলা হয়নি। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি করে।
এর পাশাপাশি কিছু কারখানা বন্ধের গুঞ্জন এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে যখন চারদিকে নানা আলোচনা-সমালোচনা চলছে, তখনই ফেসবুকে এই বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অনন্ত।