মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে সংসদ-সদস্যের গাড়িবহরে থাকা এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই সংসদ-সদস্য।

রাজধানীসহ আরও সাত জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের। তাদের মধ্যে রাজধানীর বিমানবন্দর এলাকায় দুজন, ময়মনসিংহের ভালুকা ও ফুলপুরে দুজন, মুন্সীগঞ্জের শ্রীনগরে দুজন, গাইবান্ধার সাদুল্লাপুরে দুই ভাই, নাটোরের লালপুরে যুবক, শরীয়তপুরের ডামুড্যায় শিশু এবং বগুড়ার দুপচাঁচিয়ায় অটোরিকশাচালক রয়েছেন।

ঢাকা : বিমানবন্দর এলাকায় পাজেরো গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তারা হলেন-গাজীপুর সদর উপজেলার কেশুরিতা গ্রামের রাজমিস্ত্রি মোবারক হোসেন রাজু ও গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রকৌশলী ফরিদুল ইসলাম সরদার। শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ, টেকেরহাট ও ভাঙ্গা : গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এমপি সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন।

এ সময় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন। দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

নিহত ইলিয়াস ফকির এমপির বহরের গাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়।

সড়কে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি জানান, গোপালগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ-সদস্য সেলিমুজ্জামান। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা লেগে নিহতরা হলেন-রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার রাফি ও একই এলাকার জান্নাতুল মাওয়া জ্যোতি। বৃহস্পতিবার মধ্যরাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা ও ফুলপুর (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আলম মোল্লা লবণকোঠা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর উত্তর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হন। শুক্রবার তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গাইবান্ধা : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্লাপুরের কাজিবাড়ি সন্তলা গ্রামের সামিউল ও আব্দুল্লাহ। শুক্রবার একই গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

লালপুর (নাটোর) : মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে নিহত শান্ত আলী লালপুর উপজেলার সালামপুর গ্রামের মিলন আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে লালপুরের আন্দি মুচিপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

ডামুড্যা (শরীয়তপুর) : মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় নিহত শিশু মীম ডামুড্যার চর নারায়ণপুর এলাকার আলমগীর সরদারের মেয়ে। শুক্রবার ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া : ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত মোজাফফর হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে। শুক্রবার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন

পরের সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।