পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই এবং ভাগনের স্ত্রী সারের নতুন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি নিয়োগের তালিকা প্রকাশের পর দেখা গেছে, পঞ্চগড়ে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় সবাই ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক।
বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রণালয়, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, কমিটির সদস্যসচিব ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সার ডিলার হিসেবে আবেদনকারীরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, পঞ্চগড়ের ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মধ্যে ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে সাতজন ডিলার, সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ছয়জন ও একটি পৌরসভায় একজন, আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন, বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন ও একটি পৌরসভায় একজন এবং দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন ও একটি পৌরসভায় একজন ডিলার নিয়োগ পেয়েছেন।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের সবাই ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক। তাদের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারাও রয়েছেন। কেউ নিজের নামে, কেউ স্ত্রীর নামে আবেদন করেছেন। কেউ কেউ তিনটির বেশি সার ডিলারশিপ হাতিয়ে নিয়েছেন।
তবে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই এবং বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। তিনি মেসার্স প্যারেন্টস ট্রেডার্স নামে সার ডিলারশিপ পেয়েছেন।
জেলায় যেখানে কোনো কোনো ইউনিয়নে ১৬ জন পর্যন্ত ডিলার হতে আবেদন করেছেন, সেখানে ওই ইউনিয়নে একমাত্র সার ডিলার হিসেবে তিনিই আবেদন করেছেন। অন্য কোনো আবেদনকারীর নাম বাছাই তালিকায় পাওয়া যায়নি।
এ ছাড়া বোদা পৌরসভার সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভাগনে ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী আনোয়ারা পারভীন। তিনি মেসার্স আরিয়ান ট্রেডার্স নামে সার ডিলারশিপ পেয়েছেন। তবে তার পাশাপাশি আরও তিনজন সার ডিলার হিসেবে আবেদন করেছিলেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রীর ছোট ভাই হুমায়ূন কবীর লায়নের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি নিউজ করে দেন।’ এ কথা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।