নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে পদ্মা নদীর চরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই পাঁচ জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ৬৫০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের সার্বিক তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও পরামর্শে রাজশাহী, নাটোর ও পাবনা জেলায় এ অভিযান পরিচালিত হয়।
এর অংশ হিসেবে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনা ও তত্ত্বাবধানে লালপুর থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক মো. ইব্রাহীম খলিল। অভিযানে নাটোর জেলা পুলিশের শতাধিক কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা ও অন্যান্য ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।