সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের এসব হামলায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের স্থাপনায় এবং দ্বিতীয়টি দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছায়। এতে বিভিন্ন দেশের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কয়েকজন হতাহত হন।
আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলায় কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
অন্যদিকে, সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, হামলার সময় বিমানবন্দরে মাটিতে থাকা তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।
হামলায় বিমান সংস্থাটির একজন কর্মী নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে সৌদি এয়ারলাইনস। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হামলার জন্য দায়ীদের পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। তবে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও লড়াই শুরু হওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।