মূল সংবাদে যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঋণ পরিশোধ না করায় 'মেসির নতুন ক্লাবের' শেয়ার জব্দ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঋণ পরিশোধ না করায় 'মেসির নতুন ক্লাবের' শেয়ার জব্দ

লিওনেল মেসির কাছে বিক্রির প্রক্রিয়া যখন প্রায় চূড়ান্ত, তখনই আইনি জটিলতায় পড়ল স্প্যানিশ ক্লাব এলদেন্সে। ক্লাবটির সাবেক সভাপতি ক্যারোলিনা হোলগিনের মালিকানাধীন ১৫ দশমিক ৮ শতাংশ শেয়ার সাময়িকভাবে জব্দের নির্দেশ দিয়েছেন মাদ্রিদের একটি আদালত।

সাবেক মালিক পাসকুয়াল পেরেজের কাছে থাকা ঋণ পরিশোধ না করার অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

কয়েক দিন আগেই এলদেন্সে তাদের মালিকানা আর্জেন্টাইন ফুটবলার মেসির কাছে বিক্রির ঘোষণা দিয়েছিল। এর মধ্যেই আদালতের এই আদেশ সামনে এল।

সংবাদ সংস্থা এএফইর নথি অনুযায়ী, হোলগিনের মালিকানাধীন মোট ৩ হাজার ১৪৭টি শেয়ারের মধ্যে ৪৯৯টি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই ৪৯৯টি শেয়ার ক্লাবটির মোট মালিকানার ১৫ দশমিক ৮ শতাংশ।

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে। ২০২৫ সালের ৬ অক্টোবর পাসকুয়াল পেরেজ তাঁর প্রতিষ্ঠান এল ফ্লাউতিস্তার মাধ্যমে এলদেন্সের ১০০ শতাংশ শেয়ার ক্যারোলিনা হোলগিনের কাছে ৬২ লাখ ৯৪ হাজার ইউরোয় বিক্রি করেন।

এর মধ্যে ৫২ লাখ ৪৫ হাজার ইউরো পরিশোধ করা হয়েছিল এল ফ্লাউতিস্তার কাছে থাকা ক্লাবটির ঋণের দায় হোলগিন নিজের ওপর নেওয়ার মাধ্যমে। এরপর ২৩ ডিসেম্বর পেরেজ ও হোলগিনের মধ্যে ১০ লাখ ইউরোর একটি ঋণচুক্তি হয়।

পেরেজ হোলগিনকে ওই অর্থ ধার দেন। পরে ২৬ ও ২৯ ডিসেম্বর দুই কিস্তিতে মোট ৯ লাখ ৯৮ হাজার ইউরো হোলগিনের কাছে পাঠানো হয়। তবে চুক্তি অনুযায়ী ওই ঋণের কোনো অর্থই পেরেজকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

এ কারণে কয়েক দিন আগে হোলগিনের বিরুদ্ধে মামলা করেন সাবেক মালিক। একই সঙ্গে এলদেন্সের মালিকানা মেসির কাছে বিক্রি প্রায় চূড়ান্ত হয়ে আসায় নিজের পাওনা নিশ্চিত করতে আদালতের কাছে হোলগিনের মালিকানাধীন শেয়ার জব্দের আবেদন করেন তিনি।

পেরেজ চেয়েছিলেন ক্লাবটির মোট ৩ হাজার ১৪৭টি শেয়ারই জব্দ করা হোক, যা এলদেন্সের ১০০ শতাংশ মালিকানার প্রতিনিধিত্ব করে। আদালত অবশ্য পুরো আবেদন গ্রহণ করেননি। বিচার শেষ না হওয়া পর্যন্ত ৪৯৯টি শেয়ার জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের যুক্তি, শেয়ার জব্দের আবেদনটি যথাযথ হলেও ঋণের পরিমাণ বিবেচনায় পুরো ১০০ শতাংশ শেয়ার জব্দ করার প্রয়োজন নেই। এলদেন্সের ১০০ শতাংশ শেয়ারের মূল্য যেখানে ৬২ লাখ ৯৪ হাজার ইউরো, সেখানে সংশ্লিষ্ট ঋণের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ৪৯৯টি শেয়ার জব্দ করাই আনুপাতিক ব্যবস্থা।

আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হোলগিনের আপত্তি জানানোর জন্য ২০ দিন সময় রয়েছে।এরই মধ্যে গত সপ্তাহে এলদেন্সে ঘোষণা দিয়েছিল, হোলগিন সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

একই বিবৃতিতে কলম্বিয়ান বোর্ড নিশ্চিত করেছিল, ক্লাবটির মালিকানা মেসির কাছে বিক্রি করা হয়েছে। তবে এরপর থেকে এই লেনদেন নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ক্লাবটি। নতুন বোর্ডের সভাপতি কে হয়েছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

কাবাডিতে জাপানের কাছে হেরে পদকের স্বপ্নে বড় ধাক্কা খেল বাংলাদেশ

পরের সংবাদ

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ দিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।