চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, ডিজিএফআই ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার ও সংশ্লিষ্ট যাত্রীকে আটক করে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটে ওই যাত্রী বিমানবন্দরে অবতরণ করেন।
আটক যাত্রীর নাম মোহাম্মদ হাসান মুরাদ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়।
পরবর্তীতে যৌথ গোয়েন্দা দল তার ব্যাগেজ তল্লাশি চালিয়ে ১০৬ গ্রাম সোনার অলংকার, ৪২৫ গ্রাম সোনার পিণ্ড এবং ৩ গ্রাম পেস্ট উদ্ধার করে। কাস্টমস স্ক্যানার এড়াতে সোনাগুলো ব্যাগেজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রোধে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), কাস্টমস ইন্টেলিজেন্সসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।