যশোরে বাসের ধাক্কায় আহত সুলতান (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে যশোরের পুলেরহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুলতান যশোর শহরের তপসীডাঙ্গা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুলতান বাইসাইকেলযোগে পুলেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তাঁর বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।
পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে। নিহতের ছেলে রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।