জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, মঙ্গলবার জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ ৩০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এই অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
মন্ত্রীর ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কারিগরি কার্যক্রম সম্পর্কে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এ সময়ে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা চালানো হবে।